প্রথম টেস্টের পাটা উইকেটে টস জিতে বোলিং। দ্বিতীয় টেস্টের আগে বাইরে থেকে শোনা গেল বাউন্স থাকবে, বাউন্স থাকবে। সেই শোনা কথায় কান দিয়ে এবারও বোলিং। ফলাফল আগের চেয়ে খারাপ। প্রথম সেশনেই শতরান ছাড়িয়ে সাউথ আফ্রিকা। বারবার দলের এমন ‘ভুল সিদ্ধান্ত’ দেখে বিস্ময় প্রকাশ করেছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
প্রথম সেশনের পর গাজী টিভির ‘ক্রিকেট এক্সট্রা’ অনুষ্ঠানে তিনি আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন, ‘আমার মনে হয় আমরা উইকেট পড়তে পারছি না। এই উইকেটে কিচ্ছু নেই। এখানে আগে ব্যাটিং করাই যুক্তিযুক্ত হতো।’
আপাত দৃষ্টিতে মনে হয় ব্যাটিং অথবা বোলিংয়ের সিদ্ধান্ত অধিনায়কই নেন। ব্যাপারটা কিন্তু আসলে তেমন নয়। সকালে উইকেট দেখার পর কোচসহ নীতিনির্ধারকদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ এদিন চারটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। এর মধ্যে তামিম শুধু ইনজুরির কারণে বাইরে। বাকি তিনটি পরিবর্তন নিয়ে প্রশ্ন আছে ফারুকের। তিনি মনে করেন বাংলাদেশ নিজেদের শক্তির জায়গা ভুলে যাচ্ছে, ‘আমাদের কিন্তু ওই মানের পেসার নেই। স্পিনই আমাদের মূল শক্তি। সেই দিকে খেয়াল রেখে একাদশ সাজানো উচিত ছিল।’
ফারুক দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের জুলাইতে দ্বি-স্তর বিশিষ্ট নির্বাচক কমিটি গঠন করার প্রতিবাদে পদত্যাগ করেন। এরপর মিনহাজুল আবেদিন নান্নুকে প্রধান নির্বাচক করা হয়।










