দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। শুক্রবার (১৪ মে) বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
আজ বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে ঈদুল ফিতরের এ তারিখ ঠিক করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
এর আগে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য ধর্ম সচিব মো. নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমানসহ দেশের বরেণ্য আলেমরা বৈঠকে উপস্থিত ছিলেন।
মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঈদগাহ বা উন্মুক্ত স্থানে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে না। এই ক্ষেত্রে মুসল্লিরা জীবনের ঝুঁকি বিবেচনা করে ঈদের নামাজের জামাত খোলা জায়গার পরিবর্তে কাছের মসজিদে পড়তে পারবেন। শারীরিক দূরত্ব বজায় রাখতে প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাতের ব্যবস্থা করা যেতে পারে।
এদিকে গতকাল মঙ্গলবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদ্যাপন করা হবে।







