ঈদে খুবই স্বল্প সময়ের মধ্যে কোটি মানুষ ঢাকা ত্যাগ করবে। প্রায় জনশূন্য হয়ে পড়া রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করাই এলিট ফোর্স র্যাবের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।
বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
বেনজীর বলেন: ঈদের সময় রাজধানীর ১৫ থেকে ২০ লাখ বাড়ি খালি হবে। বেশিরভাগ দোকান বন্ধ থাকবে। ফাঁকা হয়ে যাওয়া রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এজন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে র্যাব সুসংগত নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে।
র্যাব ডিজি বলেন: শুধু বিশেষ দিবস নয়, বরং ৩৬৫ দিনই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদিনের নিরাপত্তা ব্যবস্থা চিন্তা করি, প্রতিটি জীবনই মূল্যবান। প্রায় প্রতিদিনই কোনো না কোনো বাহিনীর হাতে জঙ্গি গোষ্ঠী কেউ না কেউ ধরা পড়ছে। তবে এখানে আত্মতুষ্টির কিছু নাই। ক্রমাগত অভিযানে জঙ্গি গোষ্ঠীর অপারেশনাল শাখাও দুর্বল হয়ে পড়েছে। তাদেরকে নিশ্চিহ্ন করে প্রতিটি দিন নিরাপদ করতে সবাই মিলে কাজ করতে হবে।
ঈদ যাত্রায় রেলের প্লাটফর্ম কেন্দ্রিক সমস্যাগুলো গত ৫-৬ বছরে কমে এসেছে উল্লেখ করে তিনি জানান, এখন চোরাকারবারী, পকেটমার, অজ্ঞনপার্টির দৌরাত্ম্য নেই। অগ্রিম টিকিট বিক্রি নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি।
তিনি আরও বলেন: সারা দেশে যেখানেই র্যাবের ব্যাটালিয়ন আছে সেখানেই ২৪ ঘণ্টা নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই-মানুষের চলাচলকে নির্বিঘ্ন করা।








