নিজের পরিচালিত প্রথম ছবি নিয়ে হাজির হচ্ছেন রবিন খান। আর কে মুজিভ-এর প্রযোজনায় এ ছবির নাম ‘মন দেব মন নেব’। দুদিন আগে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অফিস কার্যালয়ে আসন্ন রোজার ঈদের জন্য ছবিটি মুক্তির টার্গেটে নাম নিবন্ধন করেছেন নির্মাতা।
পরিচালক রবিন খান বলেন, আসছে রোজার ঈদে ‘মন দেব মন নেব’ দর্শকরা উপভোগ করতে পারবেন। এরই মধ্যে প্রযোজক সমিতিতে ঈদের প্রথম সিনেমা হিসেবে আমার ছবির নাম নিবন্ধন করা হয়েছে। গেল বছরের শুরুর দিকে ছবিটির শুটিং শেষ হয় এবং মার্চ ও এপ্রিল নাগাদ ডাবিংসহ ছবিটির সব কাজ শেষ করি। গত বছরটা সিনেমার জন্য উপযুক্ত সময় মনে হয়নি বলে মুক্তি দেইনি। তবে এই বছরটা বেশ সম্ভাবনাময় মনে হচ্ছে, তাই এই সময়টাতেই ছবিটা মুক্তি দিতে চাই।
রোমান্টিক গল্পে প্রেমের এই সিনেমাতে মাহিয়া মাহির সঙ্গে জুটি বেঁধেছেন শিবলী নোমান। আরও আছেন কবরী, গাজী রাকায়েত, মারুফ আকিবসহ অনেক জনপ্রিয় অভিনয়শিল্পীরা।
ঢাকা, বান্দরবান, রাঙামাটি, রংপুর, কুড়িগাম, লালমনিরহাট সহ দেশের নানা অঞ্চলের মনোরম সব লোকেশনে এই ছবির শুটিং হয়েছে বলে জানান রবিন খান।
পরিচালক বলেন, ছবির প্রচারণা শুরু করতে যাচ্ছি। আশা করছি, ছবিটি দর্শকরা পছন্দ করবেন।
রবিন খান টিভিতে দীর্ঘদিন ধরেই কাজ করছেন। তার পরিচালিত বেশ কিছু নাটক দর্শকপ্রিয়তা পায়। এর মধ্যে রয়েছে ‘নীল নাকফুল’, ‘ডেউয়া পোলাউ ডট কম’, ‘নায়ক জামাই’, ‘শিউলির বিয়ে’, ‘ছায়ামানবী’, ‘আবুল কবিরাজ’, ‘জামাই অভিযান’, ‘অন্যমন’, ‘মতি মাস্টারের মেয়ে’, ‘সাগরের সবুজ ডায়েরি’, ‘অজানা আতংক’ প্রভৃতি।
এর আগে চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকন (প্রয়াত), মালেক আফসারী, কামাল আহমেদসহ অনেকের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন রবিন খান।








