ঈদ উল আজহার সকালটা বেশ কর্মব্যস্ত কাটে। সারাদিন রান্নাঘরের কাজ এবং মাংস গুছিয়ে রাখাতেই কেটে যায়। তার ওপর ভাদ্র মাসের গরম তো আছেই। সব মিলে ঘেমে-নেয়ে একাকার অবস্থা। তাই বলে তো আর ঈদের সকালে না সেজে পারা যায় না। তবে ঈদের সকালের সাজটা হওয়া যাই ছিমছাম। একদম হালকা।
জেনে নিন ঈদের সকালের সাজ সম্পর্কে কিছু টিপস:
সুতি পোশাক
ঈদের সকালে সুতি পোশাকই সবচাইতে আরামদায়ক হবে। কাজ করার সুবিধার্থে স্লিভলেস হলেও মন্দ হয় না। পাতলা সুতি পোশাকের সাথে সুতি ওড়নাতেই বেশ আরামে কাটবে সকাল। তাই ঈদের পোশাকগুলোর মধ্যে সুতি পোশাকটি বেছে নিন সকালের জন্য।
বাঁধা চুল
ঈদের সকালে বেশ গরম থাকবে আবহাওয়া। আবার রান্নাঘরের কাজও থাকবে অনেক। তাই সকালে চুল বেঁধে রাখাই বুদ্ধিমানের কাজ। চুলগুলোকে উঁচু করে ডোনাট বান করে রাখতে পারেন। আবার মাঝারি দৈর্ঘ্যের চুল হলে পনি টেল করে রাখলেও দারুণ স্মার্ট দেখাবে।
মেকআপ
সকালে ত্বকে ফাউন্ডেশন ব্যবহার না করাই ভালো। শুধু ফেসপাউডার দিয়েই বেজ মেকআপ করে নিন। মুখে অতিরিক্ত দাগ থাকলে কনসিলার ব্যবহার করতে পারেন শুধু। কনট্যুরিং এর ক্ষেত্রেও পাউডার কনট্যুরিং কিট বেছে নিন। চোখে পাউডার আইশ্যাডোর ব্রাউন শেড ব্যবহার করতে পারেন। চোখের কোলে হালকা কাজল এবং চোখের উপরে চিকন করে আইলাইনারের রেখা একে দিন। আর মাসকারার কথা ভুলে গেলেও চলবে না। তবে রান্নাঘরের কাজ থাকলে কন্টাক্ট লেন্স ব্যবহার করবেন না। ঠোঁটে ন্যুড লিপস্টিক ব্যবহার করতে পারেন। অথবা পিচ, ন্যুড পিঙ্ক, পিঙ্ক, মভ, টেরাকোটা ইত্যাদি রঙও দারুণ মানিয়ে যাবে সকালের মেকআপের সাথে।







