বিএনপির সঙ্গে সংলাপের শুরুতে সূচনা বক্তব্যে বিএনপি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রশংসা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
রোববার সকাল ১১টায় সংলাপ শুরুর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান ইসি।
ইসি বলেন, বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতি দল। ক্ষমতায় থাকার সময় বিএনপি ভালো ভালো কাজ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন।
সিইসি আরও বলেন, বিএনপির সংলাপের দিকে জাতি তাকিয়ে আছে। দলটি অনেক বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। তাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। তারা ক্ষমতায় থাকার সময় প্রাথমিক ও গণশিক্ষা গঠন এবং পঞ্চম শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা চালু করে। এ ছাড়া দুর্নীতি দমন কমিশন গঠন করে বিএনপি। আজ এমন একটি অভিজ্ঞ দলের প্রতিনিধি নির্বাচন কমিশনের সঙ্গে নির্ধারিত সংলাপে অংশ নিয়েছেন।
ইসি বিএনপির পূর্ণ নাম বলতে গিয়ে কয়েকবার ” বাংলাদেশ জাতীয়বাদী” দল বললে ফখরুল মাঝখানে মুচকি হেসে বলেন, “জাতীয়বাদী” নয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী” দল হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সকাল ১১টার দুই মিনিট আগে সম্মেলন কক্ষে আসেন। তিনি এ বৈঠকে সভাপতিত্ব করছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলে রয়েছেন, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আব্দুর রশিদ সরকার, আব্দুল হালিম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী প্রমুখ। ১অসুস্থতার কারণে এমকে আনোয়ার অংশ নিতে পারেননি।
বিএনপির পক্ষ থেকে ২০টি প্রস্তাবনা লিখিত আকারে ইসিকে প্রদান করা হয়।







