‘ইসলাম ধর্মে সংস্কার প্রয়োজন, কারণ এ ধর্মে বড়রকম গলদ আছে’ বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবট। শুধু এই মন্তব্য করেই ক্ষান্ত হননি তিনি বরং ইসলামের তুলনায় পশ্চিমাদের ধর্ম-সংস্কৃতি অনেক উপরের সারির বলেও দাবি করেছেন তিনি।
একটি অস্ট্রেলিয় গণমাধ্যমে টনি অ্যাবটের লেখায় ইসলাম নিয়ে তার ভাবনার এমন বহিঃপ্রকাশে নিন্দা-সমালোচনার ঝড় উঠেছে। নিজের ধর্ম-সংস্কৃতিকে বড় করতে গিয়ে তিনি ধর্মীয় আধিপত্যবাদ ও উগ্রবাদীদেরই উস্কে দিলেন বলে সমালোচনায় সরব অস্ট্রেলিয়া ও বিশ্ব সম্প্রদায়। খোদ অস্ট্রেলিয় প্রধানমন্ত্রীই তার এ মন্তব্যেও সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।
টনি অ্যাবট লিখেছেন, সকল সংস্কৃতি সমান নয়। পশ্চিমাদের উচিৎ নিজেদের সংস্কৃতির ব্যাপারে অন্যের কাছে মাথা নত না করা। ইসলামে কখনোই ‘সংস্কার’ বিষয়টি ছিলো, ছিলো না আলোকিত করার মতো কিছু। ধর্মটিতে রাষ্ট্র ব্যবস্থা ও মসজিদ পৃথক নয়’।
তার এরকম বক্তব্যের সমালোচনা করেছেন অস্ট্রেলিয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। তিনি বলেন, ‘সাধারণ মুসলিমরাও উগ্রবাদী সন্ত্রাসীদের জন্য আতঙ্কিত। আমরা সব মুসলিমকে তাদের কাতারে ফেলছি কিনা সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকা উচিৎ। কারণ সন্ত্রাসীরা চায় আমরা তাদের সঙ্গে সাধারণ মুসলিমদের গুলিয়ে ফেলি’।
অস্ট্রেয়িার ভিক্টোরিয়া ইসলামিক কাউন্সিলের নির্বাহী পরিচালক নাইল আয়কান বলেন, যখন আমরা অস্ট্রেলিয়ার একটি একতাবদ্ধ সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করছি তখন এ ধরণের মন্তব্য দুঃখজনক’।






