যতই দিন যাচ্ছে ইসকোর সঙ্গে সম্পর্ক ততই খারাপ হচ্ছে রিয়ালের কোচ সোলারির। ভ্যালেন্সিয়া ম্যাচের আগে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ইসকোর কথা উঠতেই সরাসরি এড়িয়ে যান দলটির নতুন কোচ।
চোটের সঙ্গে লড়তে থাকা ইসকো চলতি মৌসুমে লা লিগায় ১০ ম্যাচে মাঠে নেমেছেন। এর মধ্যে বদলি হিসেবে খেলেছেন পাঁচ ম্যাচে। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের গোল একটি। চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচেও গোল একটি।
ইসকোকে চ্যাম্পিয়ন্স লিগের আগের ম্যাচে রোমার বিপক্ষে খেলাননি সোলারি। রাখেননি বদলির তালিকাতেও। ভ্যালেন্সিয়ার বিপক্ষে তাকে খেলানো হবে কি না, সেটিও এদিন জানা গেল না।
‘আমি মনে করি ওই বিষয়টি শেষ হয়ে গেছে। আর তাই আমি আপনাদের আগ্রহের বিষয়ে কোনো সাড়া দিতে পারবো না।’
সোলারি পরে যা বললেন, তা থেকে বোঝা যায় ইসকোকে গুরুত্ব দিতে নারাজ তিনি।
‘২৪ জন পেশাদার ফুটবলারকে নিয়ে স্কোয়াড গঠিত। তারা সবাই কাজ করে। সবার জন্য যেটা ভালো, আমি সেটাই করি। আমরা সবাই গুরুত্বপূর্ণ, কারণ সবাই মিলেই আমরা রিয়াল মাদ্রিদ।’
২ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় লা লিগার ম্যাচে মুখোমুখি হবে রিয়াল-ভ্যালেন্সিয়া। রিয়াল ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে। ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সেভিয়া। এক পয়েন্ট কম নিয়ে বার্সা দ্বিতীয়।







