চাকরি সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গত মঙ্গলবার থেকে ইরাকে চলছে সরকারবিরোধী আন্দোলন।
৪ দিনের এ আন্দোলনে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন শতাধিক বিক্ষোভকারী।
গত ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। বিশেষ করে শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে ব্যাপক আকার ধারণ করেছে বিক্ষোভ।
শুক্রবার এই আন্দোলন স্বতঃস্ফূর্ত গণআন্দোলনে পরিণত হয় বলে জানিয়েছে বিবিসি। দেশটির সেনাবাহিনীর দাবি, বাগদাদে ‘অজ্ঞাত স্নাইপারের গুলিতে’ ২ পুলিশ অফিসারসহ ৪ জন নিহত হয়েছেন।
ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি বলেছেন, আন্দোলনকারীদের ‘যৌক্তিক দাবিগুলো’ শুনছে সরকার। তবে এ ব্যাপারে তিনি সবাইকে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরাক সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ।







