নির্মিত হলো নাটক ‘তোমার আমার গল্প শেষে’। ইউসুফ আলী খোকনের রচনায় এই নাটকটি পরিচালনা করেছেন সাখাওয়াত মানিক। সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ, প্রভা। আরও রয়েছেন পীরজাদা হারুন, উষ্ণ।
নাটকের গল্পে দেখা যাবে, ইরফান সাজ্জাদ যে বাড়িতে ভাড়া থাকেন, সেই বাড়ির মেয়ে উষ্ণকে তিনি পড়ান। একটা সময় উষ্ণ দুর্বল হতে থাকেন ইরফান সাজ্জাদের প্রতি। কিন্তু সাজ্জাদ এটা তোড়াই কেয়ার করেন না, তিনি বোঝানোর চেষ্টা করেন প্রভার সঙ্গে তার প্রেম রয়েছে। উষ্ণ হাল ছাড়লেন না।
একদিন অন্য কাজে সাজ্জাদ ব্যস্ত হয়ে পড়েন। তখন উষ্ণকে পড়ানোর দায়িত্ব নেন প্রভা। তিনি জেনে যান সাজ্জাদের প্রতি উষ্ণর দুর্বলতার বিষয়টি। শুধু হয় মনকষাকষি। সাজ্জাদকে পেতে মরিয়া হয়ে ওঠেন উষ্ণ। একটা সময় তিনি সুইসাইডের চিন্তা করেন। এরপর গল্পের মোড় নেয় অন্যদিকে।
এমন ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত হয়েছে ‘তোমার আমার গল্প শেষে’। নির্মাতা সাখাওয়াত মানিক বললেন, এই আগামী ঈদের প্রচারের জন্য নির্মাণ করা হয়েছে। তবে কোন চ্যানেলে প্রচার হবে এখনো তা চূড়ান্ত হয়নি।







