ইমরানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন সিধু

রাজনৈতিক নেতা বাদ দিয়ে নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমির খান, সুনীল গাভাস্কার, কপিল দেব, এবং সিধুর মতো তারকাদের আমন্ত্রণ জানিয়েছেন ইমরান খান। সিধু জানিয়েছেন, বন্ধুর ডাকে তিনি পাকিস্তানে যাবেন।
গাভাস্কার, আমির খান, কপিল দেব পাকিস্তানে যাওয়া না যাওয়ার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।
সিধু ভারতের হয়ে ৫১টি টেস্ট এবং ১৩৬টি ওয়ানডে খেলেছেন। ১৫টি সেঞ্চুরি এবং ৪৮টি ফিফটিসহ মোট সাত হাজারের বেশি রান আছে তার। তিনি বর্তমানে পাঞ্জাব মন্ত্রীসভার সদস্য। সিধু জানিয়েছেন, ইমরান খানের আমন্ত্রণ রাজনৈতিক নয় বরং ব্যক্তিগত বিষয়।
এনডিটিভিকে সিধু বলেন ইমরান খানের আমন্ত্রণে তিনি সম্মানিত, ‘এটা সম্মানজনক ব্যাপার। আমন্ত্রণ গ্রহণ করেছি। খান সাহেব এমন একজন মানুষ যাকে বিশ্বাস করা যেতে পারে।’
ইমরান ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্ব চ্যাম্পিয়ন বানান। খেলা ছাড়ার পর রাজনীতির মাঠে জনপ্রিয় হয়ে ওঠেন। এবার জাতীয় নির্বাচনে তার দল জয়ী হয়েছে।
পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক যেমন ভালো না, ঠিক তেমনি ক্রিকেটীয় সম্পর্কও তলানিতে গিয়ে ঠেকেছে। ভারত পাকিস্তানে খেলতে যায় না। পাকিস্তানকেও নিজেদের দেশে ডাকতে চায় না। কয়েক বছর ধরে দুদলের দেখা হচ্ছে শুধুমাত্র আইসিসির টুর্নামেন্টে। গত বছর ইমরান খান সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পর্যন্ত দেখা করেন। কিন্তু তাতে কাজ হয়নি। এ যাত্রায় কী হয়, সেটিই দেখার বিষয়।






