বিশ্বকাপে অংশ নেয়া পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উদ্দেশে ব্যবস্থা নেয়ার দাবি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। দাবিটা তুলেছেন পাকিস্তান ক্রিকেট দলের বাইরে থাকা উইকেটকিপার-ব্যাটসম্যান কামরান আকমল।
প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশে ব্যবস্থা নেয়ার আর্জি জানিয়েছেন আকমল। নাম না-করলেও পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদের সমালোচনা করেই তিনি প্রধানমন্ত্রীর কাছে ব্যবস্থা নেয়ার আর্জি জানিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ইমরানের উদ্দেশে তিনি বলেছেন, ‘আমাদের দেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন। যাদের যোগ্যতা পাকিস্তান ক্রিকেটকে অনেকবেশি শক্তিশালী করতে পারে। এমন কেউ কেউ রয়েছেন, যারা আমাদের দেশের ক্রিকেটের ক্ষতি করে দিচ্ছেন। তাদের অবশ্যই শাস্তির মুখোমুখি হওয়া প্রয়োজন।’
পাকিস্তানের ইংরেজি দৈনিক সংবাদপত্র ‘দ্য নেশন’কে দেয়া সাক্ষাতকারে আকমল দাবি করেন, ভারতের সঙ্গে সাম্প্রতিক ম্যাচে তাদের হারতে হয়েছে অধিনায়কের দৃষ্টিভঙ্গি, ব্যাটসম্যান এবং বোলারদের চূড়ান্ত ব্যর্থতার জন্যই।
গত রোববার ভারতের বিরুদ্ধে ওই ম্যাচের আগে দলকে বিশেষ পরামর্শ দিয়েছিলেন ইমরান খান। কিন্তু সেই পরামর্শে কর্ণপাত করেননি অধিনায়ক। তারপর থেকেই সমালোচনায় বিদ্ধ হচ্ছেন সরফরাজ। এমনকী সেসব কথা প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনেও উগরে দিচ্ছেন উইকেটকিপার কামরান।









