আবারো হত্যার হুমকি পেয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। রোববার
সন্ধ্যায় তাকে ‘ইউনাইটেড কিংডম’ এর কোড সম্বলিত একটি নম্বর থেকে হত্যার
হুমকি দেয়া হয়। একটি ফেসবুক পোস্টের মাধ্যমে শুভাকাঙ্ক্ষীদের এ খবর জানান ইমরান।
তাকে ফোন করে বলা হয়, খুব শিগগিরই তাকে হত্যা করা হবে।
এসময় ইমরান ফোনদাতাকে জিজ্ঞাসা করেন, ‘কে বলছেন? কোথা থেকে বলছেন? কিন্তু কোনো উত্তর দেয়নি হুমকিদাতা।
এরপর তিনি জানতে চান ‘কোথায় এবং কিভাবে খুন করবেন?’ এসময় ফোনের লাইন কেটে দেয়া হয়।
ফেসবুক পোস্টে ইমরান এইচ সরকার বলেন, হুমকি-ধামকি দিয়ে আমাকে থামানো যাবে ভাবাটাও অবান্তর। এই তথ্য জানানো কিংবা না জানানোতে তেমন কিছু আসে যায় না। তারপরও মনে হলো সবাইকে জানিয়ে রাখা দরকার।’
গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠার পর থেকে বেশ কয়েকবার হত্যার হুমকি পেয়েছেন ইমরান এইচ সরকার। এর আগে একবার প্রকাশ্যে হত্যার হুমকিও পেয়েছিলেন তিনি।
তিনি তার পোস্টে আরো লিখেন, যে দেশে খুন-ধর্ষণেরই বিচার হয় না সেদেশে হুমকি তেমন বড় কোনো ঘটনা না। তাছাড়া কয়েকদিন আগে কিছু পথভ্রষ্ট রাজনীতিক তো আমাকে প্রকাশ্যেই হত্যার হুমকি দিয়েছিল, তার কি বিচার হয়েছে? প্রকাশ্যে হত্যার হুমকির পর আমার এক পুরনো বন্ধু জানতে চেয়েছিল, হত্যার ষড়যন্ত্রের বিচার হলে প্রকাশ্যে হুমকির বিচার হবে কিনা?
আমি উত্তর দিয়েছি, আমি কৃষকের সন্তান, প্রধানমন্ত্রীর সন্তান হলে নিশ্চয়ই হতো।








