শিক্ষক নিয়োগ বোর্ডকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ ৭ জন নেতাকর্মী আহত হয়েছে।
সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ৬ জানুয়ারী পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বোর্ড গঠন নিয়ে ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সহ-সভাপতি মিজানুর রহমান মিজু গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। এরই জের ধরে গত বৃহস্পতিবার ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১জন গুলিবিদ্ধসহ ৮ জন আহত হয়।
আজ শনিবার সকাল থেকেই ছাত্রলীগের দু’গ্রুপ ক্যাম্পাসে নিজেদের আধিপত্য বিস্তারে অবস্থান নেয়। বেলা পৌনে ১টার দিকে উভয় গ্রুপ মিছিল শুরু করলে সংঘর্ষ বেধে যায়।
এ সময় দু’গ্রপের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনিময়ের ও ঘটনা ঘটে। এতে বশির (২২) নামে এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধসহ ৭ জন নেতা-কর্মী আহত হয়।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে করে। এতে ছত্রভঙ্গ হয়ে সভাপতি গ্রুপের নেতাকর্মীরা দলীয় টেন্টে এবং সহ সভাপতি গ্রুপের নেতাকর্মীরা আমবাগানে অবস্থান নেয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম চৌধুরী জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ফের সংঘর্ষের আশঙ্কায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণার পাশাপাশি বিকাল ৫টার মধ্যে ছাত্র-ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।






