ইবাদতের ফিরতে অন্তত আরও ২ মাস

একজন ক্রিকেটার মাঠে পড়ে আঘাতপ্রাপ্ত, তার মুখে উদ্বেগের ছাপ, খেলার মাঠের পেছনে দর্শক ও বিজ্ঞাপন বোর্ড দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
টেস্টে বাংলাদেশের পেস আক্রমণে অন্যতম অস্ত্র ইবাদত হোসেন দীর্ঘদিন ধরে মাঠের বাইরে। গতবছর ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলার কথা ছিল সিলেট এক্সপ্রেসের। চোট তাকে ছিটকে দেয় লম্বা সময়ের জন্য। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছে, ৭০ শতাংশ ফিট হয়েছেন ইবাদত। ফিরতে লাগবে অন্তত আরও ২ মাস।
গতবছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে বল ডেলিভারির আগে আম্পায়ারের সঙ্গে ধাক্কা লেগে পিচের ওপর পড়ে যান ইবাদত। হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হলে ছিটকে যান। পরে আগস্টে লন্ডনে অস্ত্রোপচার করানো হয় ইবাদতের।
বুধবার টাইগার পেসার প্রসঙ্গে জালাল ইউনুস বললেন, ‘ইবাদত এখনও সেরে উঠছে। তার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। ৭০ ভাগের মতো সুস্থ হয়েছে। আশা করি, আগামী দুই মাসের মধ্যে আরও কিছু উন্নতি করবে। এখনও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছে। পুরোপুরি সুস্থ হোক। তারপর দেখা যাবে।’
ফেব্রুয়ারিতে পাকিস্তানে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসি ইভেন্টে ফেরার জন্য পাখির চোখ করছেন ইবাদত। অবশ্য তার আগে অবস্থা যাচাইয়ে খেলতে হবে কিছু আন্তর্জাতিক ম্যাচ।
টেস্টের বিরতি কাটিয়ে পাকিস্তান সিরিজে ফিরতে পারেন তাসকিন আহমেদ। বিপিএল চলাকালে কিছুদিনের জন্য লাল বলের ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন ঢাকা এক্সপ্রেস। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে তাকে পায়নি দল। সব ঠিক থাকলে ফিরতে পারেন সাদা পোশাকে আসন্ন সিরিজেই। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু প্রথম টেস্ট।
জালাল ইউনুস বললেন, ‘তাসকিনের একটা ফিটনেস এসেসমেন্ট ছিল। সেটা হয়ে গেছে। লাল বলের জন্যও ওকে এখন বিবেচনা করা হচ্ছে। এটা নির্বাচকদের সিদ্ধান্ত। যখন দল দেবে তখন আপনারা বুঝতে পারবেন।’






