ইন্দোনেশিয়ায় একটি আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৭ জনে নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। বিস্ফোরণ থেকে আগুন লেগে এ হতাহতের ঘটনা ঘটে বলে এফপি’র বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে।
পুলিশের একটি প্রতিবেদন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে জাকার্তার বানতেন প্রদেশের তাংগেরাং শহরের ওই কারখানার গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে গুদামের ছাদ ধসে যায় এবং আগুন ধরে যায়।
টাংগেরাংয়ের পুলিশ প্রধান স্থানীয় একটি টিভি চ্যানেলকে বলেছেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে। তবে এখনো কত লোক নিখোঁজ রয়েছে সেই সংখ্যা আমরা জানি না।
তিনি আরও বলেন, আহত অনেককে তিনটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কারখানাটি দুই মাস আগে আগে কাজ শুরু করে বলেও জানান এই কর্মকর্তা।
পুলিশের আরেকজন কর্মকর্তা জানান, কারখানার ভেতরে স্তুপাকারে মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। কারখানাটিতে একশ’র বেশি লোক ছিল বলেও জানান তিনি।







