ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬.২ মাত্রার ভূমিকম্পে ভেঙে পড়েছে একটি হাসপাতাল। ধ্বংসস্তুপের ভেতরে আটকা পড়েছে ২০ জনেরও বেশি রোগী ও হাসপাতালের কর্মী।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে শতাধিক।
মুমুজু শহরের উদ্ধারকারী আরিআনতো জানিয়েছে, হাসপাতালটি ধসে পড়েছে। ওর ভেতরে অনেক রোগী ও হাসপাতালের কর্মীরা আটকা পড়েছে। আমরা তাদের উদ্ধারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
শুক্রবার এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো মাজেনে থেকে ৬ কিলোমিটার উত্তরপূর্বে ১০ কিলোমিটার গভীরে। বড় বড় বেশ কিছু ভবন ওই ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে। ছোট একটি ভূমিকম্পের পরে বড় মাত্রার ভূমিকম্পটি হয় রাত ১টার দিকে।
এর আগে ২০১৮ সালে সুলাওয়েসিতে ভূমিকম্প ও সুনামিতে ২০০০ মানুষের প্রাণ হারানোর ইতিহাস রয়েছে। তবে এখনও সেখানে কোনো সুনামি সতর্কতা দেওয়া হয়নি।







