‘ইন্ডিয়ান আইডল’ এল ভি রেভন্থ

এল ভি রেভন্থ
‘ইন্ডিয়ান আইডল ৯’ প্রতিযোগিতায় সেরা হয়েছেন তামিলের ছেলে এল ভি রেভন্থ। গত রোববার রাতে ‘ইন্ডিয়ান আইডল ৯’–এর গ্র্যান্ড ফিনালেতে বদলে গেছে রেভন্থের জীবন। পেয়েছেন ট্রফি আর ২৫ লাখ রুপি। তার আদি বাড়ি বিশাখাপত্তনমে। তবে সংগীতে নিজের কেরিয়ার গড়ার জন্য এখন হায়দরাবাদে থাকছেন। গানই তাঁর ধ্যান-জ্ঞান।
তামিল ভাষী হওয়ায় হিন্দিতে তেমন পারদর্শী নন রেভন্থ। হিন্দিতে তার কথা শুনে বন্ধুরা মজা করে। কিন্তু এসব নিয়ে ভাবনা নেই। রেভন্থ বললেন, ‘হিন্দিতে আমি অবশ্যই দক্ষ হব। এটা আমার চ্যালেঞ্জ।’
রেবন্থ বলেন, ‘আমার স্বপ্ন ছিল, একদিন বলিউডে কাজ করব। এবারে সে সুযোগ এসেছে। প্রথম যখন ইন্ডিয়ান আইডল আসরে আসি, তখন আমি একবারেই হিন্দি বলতে পারতাম না। ধীরে ধীরে নিজেকে তৈরি করেছি। এই আসরের চারটি মাস আমার জীবন বদলে দিয়েছে।’
২০০৮ সালে তেলেগু ভাষার ‘মহায়ুগম’ ছবির ‘ঝলক দিখলা যা’ গান দিয়ে চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন রেবন্থ। তিনি কান্নাড়া, তেলুগু ও তামিল ভাষার চলচ্চিত্রে অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন। ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ছবিতেও গান গেয়েছেন।
‘ইন্ডিয়ান আইডল ৯’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন খোদাবক্স আর দ্বিতীয় রানারআপ পি ভি এন এস রোহিত।
‘ইন্ডিয়ান আইডল ৯’ আসরে বিচারক ছিলেন ফারাহ খান, সনু নিগম ও অনু মালিক। গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি ছিলেন ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার, বলিউড তারকা রাভিনা টেন্ডন, আরশাদ ওয়ার্সি, বোমান ইরানী এবং ‘কপিল শর্মা শো’র জনপ্রিয় চরিত্র ‘ডক্টর গুলাটি’ সুনীল গ্রোভার ও সুগন্ধা মিশ্র। ইন্ডিয়ান এক্সপ্রেস।





