আবৃত্তি সংকলনের মোড়ক খোলার অনুষ্ঠান। গতকাল শুক্রবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে যারা আমন্ত্রিত হয়ে এসেছিলেন, তাদের উজ্জ্বল আলোয় আলোকিত হয়েছে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন। সবাই মিলে সামিউল ইসলাম পোলাকের আবৃত্তির সংকলন ‘ইতি রবীন্দ্রনাথ’–এর মোড়ক খুলেছেন। প্রধান অতিথি ছিলেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, বিশেষ অতিথি ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক জয়শ্রী কুণ্ডু।
সামিউলের কণ্ঠে ধারণ করা অথর্ববেদ ও রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির ‘কোথায় আলো’ কবিতার সঙ্গে নাচ করেন চাঁদনী ও আবু নাঈম। নিজের লেখা কবিতা পড়ে শোনান অনুষ্ঠানের সভাপতি আসাদ চৌধুরী। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী।
সিডিটি প্রকাশ করেছে ভারতের হিন্দুস্তান রেকর্ড। বাংলাদেশ ছাড়াও ভারতে পাওয়া যাবে সিডিটি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রবীন্দ্রসংগীতশিল্পী শামা রহমান। তার আমন্ত্রণে মঞ্চে আসেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, আবৃত্তিশিল্পী ডালিয়া আহমেদ, স্থপতি ও সংগীতশিল্পী মুস্তফা খালিদ পলাশ, কবি রবীন্দ্র গোপ, কবি সৈয়দ আল ফারুক, ভারতের পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী কমলিকা চক্রবর্তী, নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হীরু, ছড়াকার পলাশ মাহবুব, চিত্রশিল্পী প্রীতি আলী, অভিনয়শিল্পী কাজী রুমা, পাবলিক সার্ভিস কমিশনের সচিব আক্তারী মমতাজ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক রাজিউল হাসান, বিশ্বরঙ ফ্যাশন হাউসের কর্ণধার বিপ্লব সাহা, বিবিয়ানা ফ্যাশন হাউসের লিপি খন্দকার, চিত্রশিল্পী প্রিতী আলী প্রমুখ।
‘ইতি রবীন্দ্রনাথ’ অ্যালবামে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কাব্যগ্রন্থের পাশাপাশি আছে পত্রসাহিত্য থেকে পাঠ, রবার্ট বার্নসের লেখা কবিতার অনুবাদ এবং ভানুসিংহের পদাবলী থেকে পাঠ। অ্যালবামের আবহসঙ্গীত করেছেন সুমন সরকার। আবৃত্তির সাথে গানে কণ্ঠ দিয়েছেন ভারতের রবীন্দ্রসঙ্গীতশিল্পী শ্রেয়া গুহঠাকুরতা ও বাংলাদেশের স্বপ্নীল সজীব। একটি পাঠে আবৃত্তি করেছেন ভারতের ইমন চক্রবর্তী।








