ব্যাটসম্যানদের নৈপুণ্যের দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ ৩৫০ রান তাড়া করে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। যা ওয়ানডের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এই জয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ২-২ এ সমতা আনলো ওয়েন মর্গানের দল।
বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ইংলিশদের সামনে ৩৫০ রানের টার্গেট দেয় কিউইরা। দলের পক্ষে সর্বোচ্চ ৯০ রান করেন উইলিয়ামসন। ১২ চার ও ১ ছয়ে সাজানো ছিলো তার ইনিংসটি। এছাড়া মার্টিন গপটিল ৫৩, রস টেইলর ৪২; এলিয়েট ৫৫ ও স্যান্টনার ৪৪ রানে অপরাজিত থাকেন।
৩৫০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ ছিলো ইংলিশদের। জেসন রয় ও হ্যালস তাদের উদ্বোধনী জুটি থেকেই তুলে নেয় ১০০ রান।
পরবর্তীতে জো রুট ও মর্গানের ঝড়ো ব্যাটিং জয়ের পথ দেখায় ইংলিশদের। অধিনায়কের বিদায়ের পর স্টোকসকে সঙ্গী করে দলকে জয়ের বন্দরে পৌছে দেন জো রুট। তার সংগ্রহ ছিলো ১০৬ রান।
এটি ইংলিশদের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। এর আগে ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে তারা ৩০৫ রান তাড়া করে জিতেছিলো।
আগামী শনিবার চেস্টার-লি-স্ট্রিটে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।







