ইউক্রেনে রাশিয়ার দশম দিনের আক্রমণ চলমান রয়েছে। রাশিয়ার আক্রমণের ফলে এখন পর্যন্ত ইউক্রেনের বহু মানুষ নিহত এবং দেশটির অনেক শহরও রাশিয়ার নিয়ন্ত্রণে চলে এসেছে।
আর তাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটোর সাহায্য চেয়ে ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন ঘোষণার দাবি জানিয়েছিলেন।
তবে সামরিক জোটটির মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, আমরা এ যুদ্ধের অংশ নই। নো ফ্লাই জোন ঘোষণা করলে ইউরোপজুড়ে বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে। আরও অনেক দেশ যুদ্ধে জড়িয়ে পরতে পারে ।
বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ন্যাটো মহাসচিব বলেন, আমাদের মিত্ররা এতে একমত ইউক্রেনের আকাশ সীমায় ন্যাটোর উড়োজাহাজ চলবে না। পাশাপাশি দেশটির মাটিতেও কোনও অপারেশন চালাবে না ন্যাটো।
জেন্স স্টোলটেনবার্গ বলেন, আমাদের জোট হলো প্রতিরক্ষামূলক। আমরা কোনও যুদ্ধ চাই না।
ন্যাটোর এ ধরনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ন্যাটো কার্যত ইউক্রেনে আরও হামলা চালানোর সুযোগ করে দিয়েছে।
শুক্রবার ইউক্রেনে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়ায় রাশিয়ার হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাশিয়া এ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক আগ্রাসনের নির্দেশ দেন। পরে বিভিন্ন শহরে হামলার খবর পাওয়া যায়। এখন পর্যন্ত ইউক্রেনের কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে রুশ সেনারা।








