নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিধ্বস্তের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে নেপালের মন্ত্রীপরিষদ। সোমবার সন্ধ্যায় মন্ত্রীপরিষদের এক জরুরি বৈঠকে নেপালের প্রাক্তন সচিব ইয়াগিয়া প্রসাদ গৌতমের তত্ত্বাবধানে ছয় সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সিংহ দরবারে মন্ত্রী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তদন্ত কমিটির ছয়জনের মধ্যে রয়েছেন- নেপালের প্রাক্তন সচিব ইয়াগিয়া প্রসাদ গৌতম, লেফটেন্যান্ট কর্নেল ড. রাজিব দেব, ক্যাপ্টেন কে কে শর্মা, সুনিল প্রধান, প্রসাদ সুবেদী ও যুগ্ম-সচিব বুদ্ধ সাগর লমচাঁন।
জনসংখ্যা ও পরিবেশ মন্ত্রী লালবাব পন্ডিত বলেছেন, মন্ত্রী পরিষদের এ বৈঠকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিশনের নিকট রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
সোমবার দুপুরে ঢাকা থেকে ৭১ জন আরোহী নিয়ে কাঠমান্ডুতে নামার সময় ইউএস বাংলার ড্যাশ-৮ কিউ৪০০ মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। আরোহীদের মধ্যে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।








