জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ডেলিগেশন অব ইউরোপীয় ইউনিয়ন এর রাষ্ট্রদূত সেবাস্টিয়ান রিগার ব্রাউন এর আমন্ত্রণে ইইউ অন্তর্ভূক্ত ৮টি দেশের প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানী ঢাকার গুলশানস্থ রাষ্ট্রদূতের বাসায় এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এসময় অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তৈরি হয়।
ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে সাক্ষাৎকালে আশাবাদ ব্যক্ত করা হয়।
জামায়াতের আমিরের সাথে ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
ইউরোপীয় ইউনিয়নের ৮টি দেশের প্রতিনিধিগণ হলেন জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রোস্টার, ইটালির রাষ্ট্রদূত আন্তোনিও এ্যালেস্যান্ড্রো, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্টিয়াগা, ফ্রান্সের পলিটিক্যাল কাউন্সিলর ক্রিস্টিয়ান বেক, নরওয়ের চ্যার্জ দ্যা এ্যাফেয়ার্স ম্যারিয়ান রেবেকনায়েভেলস্রুড, সুইডেনের হেড অব পলিটিক্যাল, ট্রেড অ্যান্ড কমিউনিকেশন লোভিসা হোফম্যান এবং নেদারল্যান্ডস এর ডেপুটি হেড অব মিশন থিজ উওদস্ট্রা।








