ইংল্যান্ড ক্রিকেট দলের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা। বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার ঢাকায় এসে পৌঁছেছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পর্যবেক্ষক দল।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকসনের নেতৃত্বে চার দিনের সফরে তিন সদস্যের একটি পর্যবেক্ষক দল আজ ঢাকায় পৌঁছেছে।
বিসিবি সূত্রে আগেই জানা গেছে, ঢাকায় নামার পরই শুরু হয়ে যাবে তাঁদের ব্যস্ততা। প্রথম দিনেই তারা যাবেন ঢাকার ব্রিটিশ ও অস্ট্রেলিয়ান হাইকমিশনে। আগামীকাল সকালে তাদের বৈঠক করার কথা আছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্ধারিত সভা সেরে পরিদর্শনে যাওয়ার কথা আছে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। এরপর চট্টগ্রামে ইংল্যান্ড ক্রিকেট দলের জন্য নেওয়া নিরাপত্তাব্যবস্থার খুঁটিনাটি জানবেন তারা।
সম্প্রতি গুলশানের হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর থেকে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরকে ঘিরে এক ধরনের অনিশ্চয়তা। ইসিবির নিরাপত্তা প্রতিনিধিদলের প্রতিবেদন দেখার পর বাংলাদেশ সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসিবি।







