অস্ট্রেলিয়ান কোচ ট্রেভর ব্যলিসকে ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো অস্ট্রেলিয়ানকে জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিয়োগ দিলো ইংল্যান্ড।
নিউ সাউথ ওয়্যালস্ এর সাবেক কোচ ৫২ বছর বয়সী ব্যলিস গত মে মাসের শুরুতে বরখাস্তকৃত পিটার মুরসের স্থলাভিষিক্ত হলেন।
২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত ব্যলিস শ্রীলংকা দলের নেতৃত্ব দিয়েছেন। ২০১৪ সালে সাউথ আফ্রিকায় সিরিজের সময় তিনি সাময়িকভাবে অস্ট্রেলিয়ার দায়িত্বও পালন করেছিলেন। এছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিল) দল কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন ট্র্যভিস।
ইংল্যান্ডের কোচ হিসেবে নিয়োগ পাওয়াটা সম্মানের বলে মন্তব্য করে ব্যলিস বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দলটির উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।”
ইংলান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ব্যালিসের প্রশংসা করে বলেন, “কোচিং এর ক্ষেত্রে তার অভিজ্ঞতা অনেক সমৃদ্ধ। তার সম্মন্ধে কেউ নেতিবাচক কিছু বলেছে বলে আমি শুনিনি।”
আগামী জুন থেকে ব্যলিস তার নতুন দায়িত্বভার গ্রহণ করবেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী জুলাই থেকে অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাশেজ সিরিজকে সামনে রেখে নতুন ভূমিকায় অবতীর্ণ হবেন তিনি।







