সাসেক্সের হয়ে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ ও ন্যাট ওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে ইংল্যান্ডে পৌঁছেছেন মুস্তাফিজ। সব ঠিকঠাক থাকলে আজ রাতেই এসেক্সের বিপক্ষে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে অভিষেক হবে কাটার মাস্টারের।
প্রায় ১২ ঘণ্টার ভ্রমণ শেষে ইংল্যান্ডের পৌঁছান বাঁহাতি এ পেসার। ইংল্যান্ডের ক্লাব সাসেক্সের হয়ে খেলতে বুধবার সকালে বাংলাদেশ রওয়ানা হন মুস্তাফিজ।
এর আগেরদিন বিকেলে নানা জটিলতার পর ইংল্যান্ডের ভিসা পান তিনি। দেশ ছাড়ার আগে নিজের সেরাটা দেওয়ার পাশাপাশি নতুন কিছু শেখার বিষয়টির ওপরও গুরুত্ব দেন মুস্তাফিজ।
ইনজুরিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সাসেক্সের হয়ে খেলার জন্য ফিট হয়েছিলেন কদিন আগেই। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করে মাতিয়ে আসা মুস্তাফিজ, সাসেক্সে হয়ে খেলে তার অভিজ্ঞতার ঝুলি আরও সমৃদ্ধ করবে এমনটাই মনে করছেন টাইগার ক্রিকেট ভক্তরা।









