আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী নারী ক্রিকেটার অ্যানিয়া শ্রাবসোল। ইংলিশদের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রায় ১৪ বছর প্রতিনিধিত্ব করেছেন ৩০ বর্ষী এ ক্রিকেটার। বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে অবসরের ঘোষণাটি জানিয়েছেন তিনি।
‘গত ১৪ বছর ধরে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। মেয়েদের ক্রিকেট দ্রুত এগিয়ে যাচ্ছে। এই সময়ে খেলতে পারাটা আমার জন্য গর্বের ও আনন্দের। তবে এই পরিবর্তনের সাথে এখন মানিয়ে নেয়াটাও কঠিন। তাই আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
২০১৭ সালের ইংল্যান্ডকে নারী বিশ্বকাপ জেতানোর কারিগর ছিলেন অ্যানিয়া। ফাইনাল ম্যাচে ৪৬ রানে ৬ উইকেট নিয়ে ভারতকে একাই ধসিয়ে দিয়েছিলেন ডানহাতি পেসার। অবিশ্বাস্য এ অবদানের জন্য সে বছর ব্রিটিশ সরকারের সম্মানসূচক ‘এমবিএ’ পুরস্কারও জিতেছিলেন তিনি।
২০০৮ সালের ১৪ আগস্ট সাউথ আফ্রিকার মেয়েদের বিপক্ষে অভিষেক হয় অ্যানিয়ার। ওয়ানডেতে ৮৬ ম্যাচে ২৬ গড়ে ১০৬ উইকেট আছে এ পেসারের। এ ফরম্যাটে ইংলিশদের হয়ে দুটি বিশ্বকাপ জিতেছেন তিনি।
ওয়ানডে অভিষেকের মাত্র ৯ দিনের ব্যবধানে টি-টুয়েন্টিতে অভিষেক হয় ডানহাতি পেসারের৷ এ ফরম্যাটেও একবার বিশ্বকাপ জিতেছেন অ্যানিয়া। ক্ষুদ্র সংস্করণে তার উইকেট ১০৪টি।
২০১৮ সালে একবার ইংলিশ মেয়েদের নেতৃত্বের দায়িত্বও পালন করেছেন অ্যানিয়া। এছাড়া প্রথম নারী ক্রিকেটার হিসেবে উইজডেন ক্রিকেটার্সের কভারে জায়গা পেয়েছিলেন তিনি।








