বিসিবি একাদশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে ২৯২ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। হাতে রয়েছে ১০টি উইকেট।
এর আগে, টসে জিতে ইংলিশদের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিসিবি একাদশ। ওপেনার আবদুল মজিদের ঝড়ো ১০৬ এবং নাজমুল হোসাইন শান্তের ৭২ রানের ইনিংসের ওপর ভর করে ইংলিশদের সামনে ২৯৪ রানের টার্গেট দাঁড় করায় বিসিবি একাদশ।
মজিদ-সৌমের ওপেনিং জুটি থেকেই বিসিবি টাইগাররা তুলে নেয় ৫১ রান। তবে সৌম্য ছিলেন তার ছায়ায়। ৫১ রানের ওপেনিং জুটিতে তার অবদান মাত্র ১৭ বলে ৪ রান। তবে তরুণ ব্যাটসম্যান মজিদ শুরু থেকেই চড়াও হন ইংলিশ ব্যাটসম্যানদের ওপর। স্টুয়ার্ট ব্রডকে বাউন্ডারি মেরে শুরু এরপর আর পেছনে তাকাতে হয়নি মজিদকে।
তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে এমএ আজিজ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে বিসিবি একাদশ। প্রথম সেশনে বিসিবি তুলেছে ১ উইকেটে ১২৭ রান।
৮৬ বলে ৯২ রান তোলার পর অবশ্য পেশিতে টান পেয়ে মাঠের বাইরে চলে যান মজিদ। তার অনুপস্থিতে স্কোর বোর্ড রানের দায়িত্ব পালন করেন শান্ত-মোসাদ্দেক এবং নুুুরুল হাসান। শান্তর ৭২’র পর মোসাদ্দেক ৪৭ এবং নুরুলের ব্যাট থেকে আসে ৩৯ রান।
তবে পেশিরটান কাটিয়ে আবারও ক্রিজে আসেন মজিদ। ৯৫ বল খেলে ১০৬ রান করে ফেরেন সাজঘরে। শেষ পর্যন্ত বিসিবি একাদশের ইনিংস থামে ৭৪.৪ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৯৪ রানে।
জবাবে ব্যাট করতে নেমে ৪ ওভার ব্যাট করার সুযোগ পায় ইংলিশরা। কোনো উইকেট না হারিয়ে তারা তুলে নেয় ২ রান। আগামীকাল শেষ দিনের ব্যাট করতে মাঠে নামবে ব্রড-রুটরা।







