বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিশ্বাস-পুরনো বন্ধুত্ব অটুট রেখে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে আসবে ইংল্যান্ড। ক্রিকেটের জন্য বাংলাদেশ সবসময়ই নিরাপদ উল্লেখ করে তিনি বলেন, দুই বোর্ডের উপর তার আস্থা আছে বলে তিনি বিশ্বাস করেন, আসন্ন হোম সিরিজটি সফলভাবেই হবে।
বুধবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দলের হয়ে অনুশীলন করতে আসেন মাশরাফি। এরপর বিসিবি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
দুই ক্রিকেট বোর্ডের বন্ধুত্বের জোরে হলেও ইংলিশদের সঙ্গে টাইগারদের সিরিজটি হবে বলে বিশ্বাস ম্যাশের।
বাংলাদেশের ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘প্রত্যেকটি ক্রিকেটারের ক্ষেত্রেই আমি বলবো, তোমরা আসবা। আমি নিশ্চিত তোমরা এখানে এসে নিশ্চিত মনে ক্রিকেট খেলতে পারবা। অন্যকিছু নিয়ে ভাবার সুযোগ নেই। আশাকরি, খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। এই পরিস্থিতিতে যদি তারা খেলতে আসে, তাহলে আমাদের ভেতর বন্ধুত্ব আরও দৃঢ় হবে।’
দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে ইংল্যান্ড দলের ঢাকায় আসার কথা ৩০ সেপ্টেম্বর।
সম্প্রতি গুলশানের হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর থেকে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরকে ঘিরে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়। তবে সিরিজ আয়োজনের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।








