কলম্বিয়া কোচ পেকারম্যান বলেছেন, ইংল্যান্ডের শারীরিক কসরত নির্ভর ফুটবল খেলার উদ্দেশ্য ভালো ছিল না।
সাউথ আমেরিকান দলটি নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র করে। পেনাল্টি শ্যুটআউটে তারা ৩-৪ ব্যবধানে হেরে যায়।
নির্ধারিত সময়ের খেলা সামলাতে রেফারিকে হিমশিম খেতে হয়। বের করতে হয় বেশ কয়েকটি হলুদ কার্ড।
‘আমি জানি তারা ম্যাচের আগে স্বস্তিতে ছিল না। কিন্তু মাঠে যেটা হয়েছে সেটা ভালো কিছু নয়,’ পেকারম্যান বলেন, ‘আমি মনে করি না ইংল্যান্ড কিংবা অন্য দেশের মানুষ আমাদের এমন ফুটবলার মনে করে। এরিয়াল বলে ইংল্যান্ড বেশ দক্ষ। তাদের ম্যাচগুলোতে অনেক পেনাল্টি হয়েছে। খেলোয়াড়রা একটুতেই বক্সে পড়ে যায়, একে অপরের সঙ্গে ধাক্কা খায়।’
এই ম্যাচেও দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে ইংলিশদের এগিয়ে দেন হ্যারি কেন।
পেকারম্যান বলেন, ‘ম্যাচে বেশি বেশি ফাউল, ফ্রি-কিক হলে সমন্বয় ঠিক থাকে না। ভারসাম্য রাখতে দুই দলেরই ভাল উদ্দেশ্য নিয়ে মাঠে নামা উচিত।’
সামনের ম্যাচে ইংল্যান্ড এসব বিষয়ে সতর্ক হবে বলেও মন্তব্য করেন তিনি, ‘আশা করি সামনের ম্যাচগুলোতে ইংল্যান্ড আরো বেশি সতর্ক হবে।’








