জোটের দুই শরিক দল সমর্থন প্রত্যাহার করায় পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি অলি।
রোববার আস্থাভোটের মাত্র কয়েক মিনিট আগে তিনি পদত্যাগ করেন। শরিকদের সমর্থন প্রত্যাহারের ফলে প্রধানমন্ত্রী ওলি’র দল সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায়।
সংক্ষিপ্ত বক্তব্যে অলি বলেন, ‘পার্লামেন্ট ভবনে আসার আগে আমি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে তার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছি।’
তিনি আরো বলেন, ‘আমি ভাল কাজ করার জন্য শাস্তি পেয়েছি।’
কে পি অলি প্রতিবেশি দুই দেশ ভারত ও চীনের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করেছিলেন।
গত ১০ বছরের মধ্যে নেপালের অষ্টম প্রধামন্ত্রী হিসেবে গত অক্টোবরে ক্ষমতায় আসেন অলি। তার নেতৃত্বাধীন জোট সরকার থেকে সরে গিয়ে নেপালের সাবেক মাওবাদীরা অনাস্থা ভোটের ডাক দেয়।
গত অক্টোবরে এই মাওবাদীদের সমর্থনেই প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছিলেন অলি। কিন্তু ক্ষমতার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে জোট থেকে সরে যায় মাওবাদীরা।
অলি তার অতীত প্রতিশ্রুতি থেকে সরে গিয়েছেন বলে অভিযোগ মাওবাদীদের।









