সম্প্রতি বগ্লার হত্যা, শিক্ষক হত্যা, এবং গতকাল জোড়া খুনের মতো ঘটনা ঘটছে। কোনো হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় বাংলাদেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড বেড়েই চলেছে। দেশের এমন পরিস্থিতিতে এটিএন বাংলার হেড অফ নিউজ জ.ই.মামুন একটি স্ট্যাটাস পোস্ট করেছেন।
জ.ই.মামুন লিখেছেন, আমাদের তরুণ লেখকেরা, ব্লগাররা, আগামীর বুদ্ধিজীবিরা খুন হবেন পথে প্রান্তরে, বাড়ির উঠোনে, ঘরের দাওয়ায়, বেডরুমে, কিন্তু আমরা কিছুই বলবো না। আমাদের বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল নক্ষত্রের মতো শিক্ষকেরা চাপাতির তলায় জীবন বিসর্জন দেবেন তাদেরই প্রিয় ক্যাম্পাসে, তখনো আমরা চুপ করে থাকবো।
আমাদের লেখকেরা ঘাতকের তলোয়ারে দ্বিখন্ডিত হবেন, হাতে ধরা থাকবে সদ্য প্রকাশিত বই, সেই বইয়ের প্রকাশকেরা খুন হবেন তার নিজের দোকানে, আমরা তার পরেও টু শব্দটি করবো না। আমাদের সাংবাদিকেরা খুন হবেন সংবাদপত্রের অফিসে, টেলিভিশনের নিউজ রুমে, আমরা বড় বড় ব্যানার হেড লাইন ছাপানো ছাড়া আর কিছুই করবো না।
তিনি আরো লিখেন, আমাদের আইনজীবীরা, আমাদের বিচারকেরা, আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, সেনাবাহিনী- সবাই, ধীরে ধীরে সবাই সামিল হবো চাপাতির মিছিলে। কিন্তু আমরা কেউ কোনো প্রতিবাদ করবো না। কারণ, আমরা জানি বাংলাদেশ নিরাপদ, বাংলাদেশের নাগরিকেরা সবাই নিরাপদ, বাংলাদেশের সরকার নিরাপদ।
বাংলাদেশে কিছুই ঘটছে না, বা যদি কিছু ঘটে থাকে সব বিচ্ছিন্ন ঘটনা নয়ত মিডিয়ার সৃষ্টি। আর আমরা তো জানি, দেশকে অস্থিতিশীল করার জন্য বিএনপি জামাত চক্র তো আছেই। তাই প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, অতঃপর আসুন আমরা সকলে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাই।







