ভারতের আসামে ১২ বছরের কিশোরীকে গণধর্ষণ শেষে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগে তার ৭ স্কুলবন্ধুকে গ্রেপ্তার করেছে ওই রাজ্যের পুলিশ।
রোববার আসামের বিশ্বনাথ জেলার পুলিশ এ তথ্য জানায়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই ৭ অভিযুক্ত গত শুক্রবার রাতে তাদের একজনের বাড়িতে পার্টি ও নৈশভোজের অজুহাতে মেয়েটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর তাকে ওই এলাকারই একটি জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। পরে তাকে হত্যা করে বিষয়টিকে আত্মহত্যার রূপ দিতে গাছে ঝুলিয়ে দিয়ে পালিয়ে যায় ওই ৭ জন।
শুক্রবার রাতে মেয়েটি বাড়ি না ফেরায় তার বাড়ির লোক খোঁজখবর শুরু করে। শনিবার ওই জঙ্গল থেকে উদ্ধার হয় মেয়েটির ঝুলন্ত দেহ। তারপরেই তদন্তে নামে পুলিশ।
আসামের বিশ্বনাথ জেলার এ ঘটনায় তদন্তে নেমে কিশোরীকে গণধর্ষণ ও হত্যার অভিযোগে সাত কিশোরকে রোববারই গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক ৭ জনই এবার দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দিয়েছে বলে জানানো হয়।
এ ঘটনায় ৭ অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে নিহত কিশোরীর পরিবার।








