রাজধানীর আশকোনায় র্যাব সদর দপ্তরের ফোর্সেস ব্যারাকে আত্মঘাতী হামলার পর সন্দেহভাজন হিসেবে গ্রেফতার এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার তার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। গতকাল শুক্রবার বিকেলে বিমানবন্দর এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে র্যাব-১।
মৃত ওই ব্যক্তির নাম হানিফ মৃধা। তার বাড়ি বরগুনার আমতলীর আমরাগাছিয়ায়।
র্যাব ও ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সোয়া ৪ টার দিকে আশকোনা এলাকা থেকে হানিফকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের পরপরই অসুস্থ হয়ে পড়ায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজ শনিবার বিকাল পাঁচটার দিকে বিমানবন্দর থানা-পুলিশের একটি গাড়িতে করে তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেলে সন্ধ্যার আগেই লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয় এবং এখন তা মর্গে আছে।
সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের মধ্যেই শুক্রবার জুমার নামাজের আগে বেলা একটার দিকে আশকোনায় নির্মাণাধীন র্যাব সদর দপ্তরে আত্মঘাতী হামলা চালানো হয়। বিস্ফোরণে হামলাকারী নিহত হয় বলে র্যাব জানায়। হামলার পরে গতকাল বেলা তিনটার দিকে দেশের সব কারাগার, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়। ওই ঘটনায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়েছে, যাতে সাত-আটজনকে আসামি করা হয়েছে।
এদিকে আশকোনায় হামলার পর শনিবার ভোরে খিলগাঁওয়ে র্যাবের একটি তল্লাশি চৌকিতে গুলিতে মারা যান একজন। তার দেহেও বিস্ফোরক বাঁধা ছিল জানিয়ে র্যাব এই যুবকও আত্মঘাতী হামলাকারী বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে।







