ইউরোপের সর্বোচ্চ আল্পস পর্বতমালাতে এখন আছেন ঢাকার চলচ্চিত্রের জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম ও ফেরদৌস আর কলকাতার প্রসেনজিৎ ও যিশু। সবাই মিলে ওখানে কী করছেন? আজ মঙ্গলবার দুপুরে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয় মিমের সঙ্গে। আল্পস থেকে চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, এখন তারা সেখানে ‘ইয়েতি অভিযান’ ছবির শুটিং করছেন। মিম সেখান থেকে কিছু ছবিও পাঠিয়েছেন।
এর আগে গত রোববার সকালে আল্পস পর্বতমালায় শুটিং স্পটে যাওয়ার পথে ফেসবুক লাইভে আসেন মিম। সেখানে তিনি বলেন, ‘অনেক সুন্দর জায়গা। খুব ঠান্ডা।’
এ সময় ছবির পরিচালক সৃজিত মুখার্জি বলেন, ‘আমরা এখন সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উপরে আছি। ছবির শুটিং করব। আমরা আপনাদের লোকেশনটা দেখাব না। ওটা আপনারা পর্দায় দেখবেন।’
আল্পস পর্বতমালাতে মিম শুটিং করছেন গত রোববার থেকে। আজ মঙ্গলবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন ফেরদৌস। এবারই প্রথম বাংলাদেশের এই দুই তারকা সুইজারল্যান্ডে শুটিং করছেন। আর আল্পস পর্বতমালা দেখে সবাই মুগ্ধ।

সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ সিরিজের ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ উপন্যাস নিয়ে সৃজিত মুখার্জি তৈরি করছেন নতুন ছবি ‘ইয়েতি অভিযান’। ছবিতে ‘কাকাবাবু’ চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ।
প্রসেনজিৎ, মিম, ফেরদৌস আর যিশু এর আগে গত মে মাসে ‘ইয়েতি অভিযান’ ছবির প্রথম লটের শুটিং করেছেন কলকাতায়।
ছবিতে মিম ‘চিত্রাঙ্গদা ভর্মা’র চরিত্রে অভিনয় করছেন। নেতিবাচক চরিত্র। এর আগে মিম বলেছিলেন, ‘চরিত্র নিয়ে এখনই কিছু বলব না। তবে এটুকু জেনে রাখুন, এ ধরনের কাজ আগে কখনো করিনি।’








