উত্তেজনায় ঠাসা এক ম্যাচ মঞ্চায়িত হলো এমিরেটস স্টেডিয়ামে। যেখানে লিভারপুলের বিপক্ষে স্বাগতিক আর্সেনাল ২ গোলে পিছিয়ে পড়েও নিয়েছিল লিড। যদিও শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্রয়ে শেষ হয়েছে চলতি প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দ্বৈরথটি। গার্নার ও অল রেডসদের এই প্রতিদ্বন্দ্বীতাকে বিশ্ব মিডিয়া ইংলিশ প্রিমিয়ার লিগের শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবেও তুলে ধরছে।
ঘরের মাঠেও আর্সেনালের অবস্থা ছিল শোচনীয়। গোলের পাশাপাশি সুযোগও বেশি তৈরি করছিল লিভারপুল। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫ মিনিটের এক ঝড়ে হারতে বসা ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আর্সেন ওয়েঙ্গারের দল। ৫৩ থেকে ৫৮ এই পাঁচ মিনিটেই পায় তাদের করা ৩ গোল।
খেলার ২৬ মিনিটে লিভারপুল এগিয়ে গিয়েছিল ফিলিপে কৌতিনহোর গোলে। বক্সের ভেতর থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ সালাহ। বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের মাপা শটে গোল করে মিশরীয় তারকার।
২ গোলে পিছিয়ে পড়া আর্সেনাল ঘুরে দাঁড়ায় পরের মিনিটেই। ৫৩ মিনিটে আলেক্সিস সানচেসের হেড থেকে পাওয়া গোলেই থামেনি গানাররা, আরও দুই গোল করে উল্টো নিজেরাই গিয়েছিল এগিয়ে। সানচেসের লক্ষ্যভেদের ৩ মিনিট পরই আর্সেনালকে সমতায় ফেরান শাকা। আর ৫৮ মিনিটে এগিয়ে যায় তারা মেসুত ওয়েজিলের গোলে।
যদিও লিডটা ধরে রাখতে পারেনি লন্ডনের দলটি। ৭১ মিনিটে রবার্তো ফিরমিনহো জাল খুঁজে পেলে ৩-৩ গোলের ড্রয়ে শেষ হয় হাফডজন গোলের রোমাঞ্চকর ম্যাচ।
১৯ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে লিভারপুল। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে পাঁচে আর্সেনাল।







