প্রীতি ম্যাচ বাতিল করায় আর্জেন্টিনা ফুটবল দলকে তিরস্কার করেছেন ইরায়েলের একজন মন্ত্রী। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আভিগদোর লিবারম্যান আর্জেন্টাইনদের এমন সিদ্ধান্তকে ‘ঘৃণার কাছে আত্মসমর্পণ’ বলে মন্তব্য করেছেন।
ইসরায়েলি মন্ত্রী তিরস্কার করলেও মেসির দেশকে ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন।
টুইটারে লিবারম্যান লেখেন, ‘এটি একটি লজ্জার বিষয় যে, আর্জেন্টিনা ফুটবল দল ইসরায়েল বিরোধী ঘৃণ্য আধিপত্যের চাপ সহ্য করতে পারেনি।’
তবে মেসিদের ধন্যবাদ জানিয়ে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) আন্তর্জাতিক ডিরেক্টর সুসান সালাবি বলেছেন, ‘আমরা ম্যাচ বাতিলের খবর পেয়েছি, কিন্তু অফিসিয়ালি নিশ্চিত হইনি। যদি নিশ্চিত হই, তাহলে আমাকে বলতে হবে এটা আর্জেন্টিনার দলের মহান সৌজন্যর অংশ। সেই সঙ্গে এটাও বলবো যে, তারা নিজেদের রাজনৈতিক সরঞ্জাম হিসাবে অন্যের কাছে ধার দেয় না।’
আরেকটু যোগ করে সালাবি বলেন, ‘ইসরায়েলি দখলদারিত্বকে সমর্থন করার জন্য তার হাতিয়ার হিসাবে মেসির দলের ব্যবহার হওয়া উচিত নয়। এই সিদ্ধান্ত রাজনীতি এবং খেলাধুলাকে আলাদা রাখার সুন্দর উদাহরণ।’
ইসরাইল-ফিলিস্তিন সংঘাত বর্তমান সময়ের চলমান দীর্ঘতম সংকট। শতশত মানুষ নিহত হওয়ার পাশাপাশি আহত হচ্ছেন। মে মাসের শুরুতেও গাজা সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত এবং কয়েক হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। এই পরিস্থিতিতে ফিলিস্তিনিরা আর্জেন্টিনাকে ইসরাইলে না আসতে আহ্বান জানাচ্ছিল। দেশটির ফুটবল প্রধান দুইদিন আগে বলেন, ‘মেসি ইসরাইলে খেললে তার জার্সি এবং ছবি পোড়ানো হবে।’
১৬ জুন আইসল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিদ্বন্দ্বী ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।








