২০১৪ সালে তার এক ভয়ঙ্কর বাউন্সারে মাটিতে লুটিয়ে পড়েছিলেন ফিলিপ হিউজ। সেই যে পড়লেন, তিনদিন পর অজি ব্যাটসম্যান চলে গেলেন পৃথিবীর মায়া কাটিয়ে। যার বাউন্সারে লুটিয়ে পড়েছিলেন হিউজ চার বছর পর সেই শন অ্যাবটের আবারও একই রকমের অভিজ্ঞতা হতে বসেছিল। তবে এবার আরেক ব্যাটসম্যান মাটিতে লুটিয়ে পড়লেও বিপদ বাড়েনি।
রোববার শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের পেসার অ্যাবটের বাউন্সার মাথায় আঘাত পান মেলবোর্নের ব্যাটসম্যান উইল পিউকোভস্কি। মাটিতে লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গে জ্ঞান হারান কয়েক মিনিটের জন্য।
হিউজের স্মৃতি সবসময় তাড়িয়ে বেড়ায় বলেই হয়ত একই ঘটনার মঞ্চায়ন হওয়ার সঙ্গে সঙ্গে পিউকোভস্কির কাছে ছুটে গেছেন অ্যাবট এবং মাঠে উপস্থিত অন্যরা। চিকিৎসকের সঙ্গে মিলে যতটা সম্ভব চেষ্টা করেন আহত ব্যাটসম্যানের সেবা করার।
তাদের চেষ্টা বৃথা যায়নি। ফিরে আসেনি হিউজের সেই মর্মান্তিক স্মৃতির মত কিছু। শেষ পর্যন্ত হেঁটেই মাঠ ছেড়েছেন পিউকোভস্কি। যদিও তিন মাসের জন্য ক্রিকেট থেকে ছিটকে যেতে হয়েছে ২০ বছর বয়সী এই উদীয়মান ব্যাটসম্যানকে।








