রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচেই থাকছে ম্যারাডোনার সরব উপস্থিতি। ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী এ অধিনায়ক এখনো আর্জেন্টিনার জয়ে যেমন রোমাঞ্চে ভেসে যান, পরাজয়ে মুষড়ে পড়েন।
মঙ্গলবার রাতে নাইজেরিয়ার সঙ্গে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা। তবে তাকে এর কিছুক্ষণ পরই হাসাপাতালে চিকিৎসকের কাছে যেতে হয়েছে।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে ম্যারাডোনা ভক্ত-সমর্থকদের জন্য স্বস্তির বার্তাই দিয়েছেন। বলেছেন, তিনি সুস্থ রয়েছেন।
‘আমি সবাইকে বলতে চাই, আমি ঠিক আছি।’
ম্যারাডোনা আরও লিখেছেন, ‘আমি ডাক্তারকে দিয়ে পরীক্ষা করিয়েছি, প্রথমার্ধে আমি ঘাড়ে ব্যথা অনুভব করায় ডাক্তারের কাছে যাই, সে আমাকে দ্বিতীয়ার্ধের আগে বাড়ি ফেরার পরামর্শ দেয়। কিন্তু আমি থেকে যেতে চেয়েছি, কারণ আমরা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলাম। আমি কিভাবে তখন চলে যাই?’
আমি আমার ভক্ত ও দলের সমর্থকদের বিজয়ের অভিনন্দন দিতে চাই।







