বলিউডে ২৫ বছরের ক্যারিয়ার পার করেও নাকি আমির খানের বয়স আঠারো বছর। শুনতেই অবাক লাগছে তাইনা? এই কথা নিজেই জানালেন পঞ্চাশের কোঠায় পা রাখা আমির খান।
সম্প্রতি আমির খানকে তার সফল ক্যারিয়ার নিয়ে নানা প্রশ্ন করা হয়। তার মধ্যে একটি ছিল-আপনি নিশ্চয় আপনার ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছেন? এর উত্তরে তিনি জানান, ‘একদম-ই না। একজন মানুষ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পরবর্তী ধাপ হলো, সে নিচে নামতে থাকবে।’ তিনি আরও বললেন, ‘আমি তো নিজেকে সুপারস্টার আমির খান নয়, বরং মনে করি আমার বয়স এখনও আঠারো বছর। আমার আরও অনেক কাজ বাকি আছে।’
আমির খান তার বর্ণাঢ্য ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন ‘কেয়ামত সে কেয়ামত তাক’, ‘ফানা’, ‘তারে জামিন পার’, ‘থ্রি ইডিয়টস’, ‘লগন’, ‘দঙ্গল’সহ আরও অনেক ব্যবসা সফল ছবি। শুধু অভিনয় নয়, একই সাথে প্রযোজক এবং পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি।
বর্তমানে তিনি ব্যস্ত আছেন ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির কাজ নিয়ে। ছবিতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, অমিতাভ বচ্চন, ফাতিমা সানা শেখ। মিড-ডে।







