ভাল যাচ্ছে না শাহরুখের দিন। একের পর এক ফ্লপ ছবিতে কাজ করে হতাশ এখন এই সুপারস্টার। কিন্তু তারপরও তো দিন থেমে থাকছে না। ‘জিরো’র ব্যর্থতা ভুলে এগিয়ে যেতে চান বলিউডের এই সুপারস্টার। আর তাই তো ইতোমধ্যে সেই প্রস্তুতিও শুরু করে দিয়েছেন শাহরুখ।
অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল, ভারতের প্রথম নভোচারী রাকেশ শর্মাকে নিয়ে তৈরি হবে বায়োপিক, আর এই বায়োপিকে রাকেশ শর্মার ভূমিকায় অভিনয় করবেন আমির খান। কিন্তু সম্প্রতি সেই সিদ্ধান্ত পাল্টে ছবিটির সহ প্রযোজক রনি স্ক্রুওয়ালা ভারতীয় এক সংবাদমাধ্যমকে জানান যে, আমির নয়, শাহরুখ অভিনয় করবে রাকেশ শর্মার বায়োপিক ‘সারে জাহাঁ সে আচ্ছা’তে।
এছাড়াও তিনি আরও জানান যে, এই ছবিতে শাহরুখ খানকে নেওয়ার জন্য আমির খান নিজেই অনুরোধ করেছিলেন।
সম্প্রতি এক সাক্ষাতকারে আমিরকে উদ্দেশ্য করে ধন্যবাদ জানান শাহরুখ। এসময় শাহরুখ খান বলেন যে, আমি আমির খানকে ধন্যবাদ জানাই। কারণ তিনিই মূলত আমাকে এই চরিত্রে অভিনয় করার পরামর্শ দিয়েছিলেন এবং বলেছিলেন এই চরিত্রে আমাকে মানাবে।
অফিসিয়ালি এখনো কোন ঘোষণা না আসলেও ধারণা করা হচ্ছে ২০১৯ সালের মাঝামাঝিতে এ ছবির শুটিং শুরু হবে।







