দেশের প্রখ্যাত বাউল শফি মন্ডল। বাংলা ফোক গানের জন্য দেশ বিদেশে বেশ সুনাম আছে তার। বিশেষ করে লালন শিল্পী হিসেবে। দেশে-বিদেশে তিনি লালন সাঁইজির গান পরিবেশন করছেন প্রতিনিয়ত। তার শিষ্য এ প্রজন্মের আরেক লালন সংগীত শিল্পী ও ক্লোজআপ ওয়ান তারকা বিউটি। তারা সোমবার এসেছিলেন চ্যানেল আইয়ের তারকা কথন অনুষ্ঠানে। সেখানে এসে চ্যানেল আই অনলাইনের মুখোমুখিও হয়েছিলেন দুই প্রজন্মের এই দুই লালন সংগীত শিল্পী।
১৬ অক্টোবর থেকে কুষ্টিয়ার ছেউড়িয়াতে বসেছে তিন দিনব্যাপী লালন উৎসব। শুরুতেই বাউল শফি মণ্ডলের কাছে জানতে চাওয়া হয় এবারের লালন উৎসবে যাওয়া হচ্ছে কি না। এমন প্রশ্নে তিনি বলেন বললেন, ‘অবশ্যই যাচ্ছি। আজকেই রওনা দিবো। মঙ্গলবার সেখানে আমি পারফর্ম করবো।’ তার সঙ্গে যোগ হয়ে বিউটি বলেন, ‘আমি যাবো লালন উৎসবের শেষ দিনে, অর্থ্যাৎ বুধবারে সেখানে পারফর্ম করবো।’
কুষ্টিয়ায় লালন উৎসবে নিয়মিত যাওয়া হয় কিনা জানতে চাইলে বিউটি বলেন, হ্যাঁ অবশ্যই। বছরে দুইবার সেখানে মেলা বসে। আমি নিজের তাগিদ থেকে ওখানে যাই। আমার যে পরিচিতি বা খ্যাতি সেটা তো লালন সংগীত দিয়েই। তাই আমি মনে করি না, এটাকে আমার কোনোভাবে উপেক্ষা করার সুযোগ আছে। আমি তাহলে নিজের কাছে অপরাধী হয়ে যাবো। শফি মন্ডল বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি শুরু থেকে লালন উৎসবের সাথে থাকতে। এসময় অন্য সকল প্রোগ্রাম বন্ধ রাখি।’

লালনের গানগুলো নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন বাউল শফি মন্ডল। প্রতিনিয়ত নিত্য নতুন গান বাঁধছেন, তাতে সুরারোপ করছেন। সব গানের মধ্যে কোন গানটা বেশি মনে ধরে জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে সব গান-ই আমার কাছে সমান। কোনো বিশেষত্ব নেই। যখন যে গানটা সুর দেই, তখন সেটা বার বার গাইতে থাকি।’
বিউটি গুরুর প্রতি সম্মান জানিয়ে বলেন, ‘লালন সাঁইয়ের গানের সংখ্যা তো অনেক। আমরা হয়তো এক-দেড়শ গান গাই ঘুরে ফিরে। কিন্তু গুরুজি শফি মন্ডল নিত্য নতুন গান নিয়ে কাজ করে যাচ্ছেন। যা প্রতিনিয়তই যেন লালন সাঁইজিকে আরও জীবন্ত করে তুলছে।’ তিনি গুরু শফি মন্ডলের দীর্ঘায়ু কামনা করেন।
শফি মন্ডল পল্লীগীতিতে এবারের চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছেন। সেটা নিয়েও নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। গুরু শিষ্যের আড্ডা কেমন জমলো জানতে চাইলে শফি মন্ডল বলেন, ভীষণ ভালো লাগলো। এতো আমার বিরাট পাওয়া আমার শিষ্যর আজ এত খ্যাতি!

ছবিঃ রণ মাহমুদ







