প্রায় সাতশো সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করা গাঙ্গুয়া বলেছেন, আমরা শিল্পীরা সাহায্য চাই না, কাজ চাই। শিল্পীরা হাত পাততে লজ্জা পায়। তারা তাদের অভিনয়ের মাধ্যমে উপার্জন করতে চায়।
তিনি বলেন, প্রকৃত শিল্পীরা কখনো ঝামেলায় জড়ায় না। তারা কাজ করে সুন্দরভাবে জীবন পার করতে চায়। তাই আমরা কাজের মধ্যে বেঁচে থাকতে চাই।
“করোনার মধ্যে আগের কমিটি (মিশা-জায়েদ) অনেক শিল্পীর পাশে ছিল। সাহায্য দিয়েছিল। কিন্তু আমরা সাধারণ শিল্পীরা হাত পেতে সাহায্য চাইনা। কাজের মধ্যে থাকতে চাই।”
আগের মতো সিনেমা নির্মিত না হলেও এই সময়ে চার পাঁচটি সিনেমায় কাজ করছেন বলে জানান গাঙ্গুয়া।
তিনি বলেন, প্রধানমন্ত্রী হলমালিকদের অল্প সুদে ঋণ দিচ্ছেন। সিনেমা হল উন্নত করা হলে সেখানে বেশি বেশি সিনেমা দিতে হবে। কিন্তু আমাদের সিনেমা বেশি তৈরি হচ্ছে না। সিনেমা বেশি নির্মাণের উদ্যোগ নিতে হবে। এতে শিল্পীরা কাজের মধ্যে থাকবে।
আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হচ্ছেন খল অভিনেতা গাঙ্গুয়া। তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, ইলিয়াস কাঞ্চন ও নিপুণের প্যানেল থেকে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।
গাঙ্গুয়া বলেন, কাঞ্চন ভাই আমার বড় ভাই। তিনি দীর্ঘ বছর ধরে আমাকে আগলে রেখেছেন। উনি সভাপতি পদে প্রার্থী হচ্ছেন। যোগ্য মানুষ হিসেবে তাকে সমর্থন দিচ্ছি।
২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২০২২-২৩ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ ছাড়াও আরেকটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিশা সওদাগর ও জায়েদ খান।








