বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে আবার হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদানের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আগামীকাল।
আজ রাষ্ট্র পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ আগামিকাল এ রিট শুনানির দিন ধার্য করেছেন।
বিএসএমএমইউ হাসপাতাল থেকে খালেদাকে কারাগারে পাঠানের বৈধতা নিয়ে গত রোববার আইনজীবী নওশাদ জমির একটি রিট করেন। সে রিটে খালেদা জিয়ার চিকিৎসা শেষ না করে তাঁকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে উল্লেখ করা হয়। এবং এ রিটে খালেদা জিয়াকে কারাগার থেকে আবার বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে চিকিৎসাসেবা প্রদানের আর্জি জানানো হয়ছে বলে জানান তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
এর আগে খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাসেবা দিতে নির্দেশনা চেয়ে করা এক রিট আবেদন গত ৪ অক্টোবর নিষ্পত্তি করে কিছু নির্দেশনা ও পর্যবেক্ষণসহ আদেশ দেন হাইকোর্ট।
সে আদেশের পর গত ৬ অক্টোবর চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি ওখানে চিকিৎসাধীন ছিলেন। প্রায় এক মাস চিকিৎসার পর গত ৮ নভেম্বর বিএসএমএমইউ থেকে ছাড়পত্র দিয়ে খালেদা জিয়াকে আবার নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।








