আইপিল নাইনে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও
মুম্বাই ইন্ডিয়ান্স। ইডেনের প্রথম সাক্ষাতে অবশ্য রােহিত শর্মার দলের কাছে
হেরেছিলো সাকিব-নারাইনরা। আজকের ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।
ওয়াংখেড়েতে শাহরুখের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে। তবে কিং খান আজ দলের খেলা দেখতে মাঠে আসবেন কিনা নাইট শিবিরেও কোনো খবর নেই।
শাহরুখ মাঠে আসনু আর না আসুন। দল যে দুর্নিবার গতিতে এগোচ্ছে সেটা ধরে রাখতে চান অধিনায়ক গৌতম গম্ভীর।
তিনি বলেছেন, ‘আমরা ছন্দবদ্ধ ক্রিকেট খেলছি। মাঠে যে কর্তৃত্ব দেখাচ্ছে ছেলেরা সেটাও ধরে রাখতে হবে। তাহলেই আমরা পারবো এই বিশ্বাস করি। কোনো দলই অপরাজেয় নয়। আমরা যে কোনো দলকেই হারাতে পারি।’
ইডেনে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছিলো নাইটদের। অধিনায়ক রোহিত শর্মা একাই হারিয়ে দিয়েছিলেন নাইটদের।
গম্ভীর বলেছেন, ‘নিশ্চয়ই রোহিতের মতো ব্যাটসম্যানকে আগে ফেরাতে হবে। সেভাবে পরিকল্পনা করা হয়েছে। তবে শুধু একজন নয়, বিপক্ষের সবাইকে তাড়াতাড়ি আউট করতে পারলেই সবচেয়ে সুবিধে।’
বিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স এবারের আইপিএলে পেল–ই না লসিথ মালিঙ্গাকে। চোটের কারণে ভারতেই আসা হয়নি লঙ্কান তারকার। তার পরিবর্তে মুম্বাই দলে নেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বোলার জেরম টেলরকে। তবে তাকে নাইটদের বিরুদ্ধে খেলতে দেখা যাবে কি না তা পরিষ্কার নয়।










