এশিয়া কাপের প্রথম ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি মুস্তাফিজ। কুয়াশা আর ভেজা আউটফিল্ডের কারণে বল ঠিকভাবে ধরতে পারছিলেন না বলে জানিয়েছিলো টাইগার অধিনায়ক। ভারতের বিপক্ষে ৪ ওভার হাত ঘুরিয়েও উইকেট শূন্য থাকেন কেন গতি, কাটারে ত্রাস ছড়ানো এই সেনসেশন। কিন্তু আমিরাতের বিপক্ষে যখন দলে তার সার্ভিস প্রয়োজন তখন তার অফকার্টার আর শ্লোয়ার জাদু নিয়ে স্বরুপে ফিরলেন ‘কাটার মাস্টার’।
আরব আমিরাতের ব্যাটসম্যানরা মুস্তাফিজের গতি, অফ-কাটার, স্লোয়ারের সমন্বয়ে বৈচিত্রময় বোলিংয়ের সামনে পরাস্ত হয়েছেন।
মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। পৌছে গিয়েছিলেন হ্যাট্রিকের কাছাকাছি।
মাত্র ১৩৩ রানের সংগ্রহ নিয়ে দুর্বল আমিরাতের বিপক্ষেও যেই শঙ্কাটা জেগে উঠেছিলো বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে তা নিমিষেই উবে যায়। ১৭.৪ ওভারে মাত্র ৮২ রান করে ৫১ রানের বিশাল পরাজয় বরণ করে আমিরাত।
ওয়ান ডাউনে ব্যাট করতে নামা মোহাম্মদ শাহজাদকে ১৩ রানে ও উইকেটকিপার ব্যাটসম্যান স্বপ্নিল পাটিলকে শূণ্য রানেই ফিরিয়ে দেন তিনি। এছাড়াও দুইটি করে উইকেট নেন মাশরাফি, মাহমুদুল্লাহ এবং সাকিব আল হাসান। তাসকিনও একটি উইকেট পান।
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটির শুরু থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন ২০ বছরের এই তরুণ প্রতিভা। তাকে নিয়ে ভারতীয় দলের ব্যাপক বিশ্লেষণের প্রমাণ মাঠেই দেখাতে সক্ষম হন তারা। তবে আজ আর মুস্তাফিজের উইকেট তৃষ্ণা রোধ করতে পারলো না টুর্নামেন্টে চমক জাগানো দল আরব আমিরাত।







