বার্সেলোনার সংক্ষিপ্ত ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত ইনজুরিতে পড়েছেন উসমান ডেম্বেলে। যে ইনজুরি আবারও ৩-৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে পাঠিয়েছে ফরাসি ফরোয়ার্ডকে।
বার্সায় নাম লিখিয়েই বাঁ-পায়ের ফিবব্রিলা ছিঁড়ে যাওয়ায় গত বছরের সেপ্টেম্বর থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত মাঠের বাইরে থাকতে হয় ডেম্বেলেকে। এখন আবারও লম্বা সময়ের জন্য ইনজুরিতে পড়লেন।
রোববার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের মাত্র ২০ মিনিটের সময়ই তুলে নিতে হয় ডেম্বেলেকে। মাঠে অস্বস্তি বোধ করায় তার জায়গায় পাউলিনহোকে নামান ভালভার্দে। ম্যাচে দুই গোলে পিছিয়ে থাকার পরও অবশ্য ২-৪ গোলে জেতে বার্সেলোনা।
চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মত মাঠে অস্বস্তি বোধ করেন ডেম্বেলে। সোসিয়েদাদের আগে কোপা ডেল রে’তে সেল্টা ভিগো ম্যাচেও তাকে পরিবর্তন করতে বাধ্য হন ভালভার্দে।
ফিলিপে কৌতিনহোর আগমনের আগে রেকর্ড টান্সফারে কাতালান ক্লাবে স্বাক্ষর করা ডেম্বেলের জন্য চোট এখন বড় বিপদ। কাতালান জায়ান্টদের জার্সি গায়ে তোলার পর তিনি মাত্র চারটি ম্যাচ খেলেছেন।
বার্সা সূত্রে ক্রীড়া দৈনিক মার্কা বলছে, শুধু ডেম্বেলেই নয়, ইনজুরিতে পড়েছেন মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তাও। ডান পায়ের পেশিতে টানের কারণে আগামী বুধবার এস্পানিওলের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।








