আবারও আইনি ঝামেলায় পড়তে হচ্ছে বলিউডের ‘মুন্নাভাই’ সঞ্জয় দত্তকে। এরই মধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মুম্বায়ের একটি আদালত। অনেক বছর আগে চলচ্চিত্র নির্মাতা শাকিল নূরানি দায়ের করেছিলেন মামলাটি। নূরানির অভিযোগ, সঞ্জয় তার সঙ্গে পেশাদারিত্বের পরিচয় না দিয়ে উল্টো তাকে হুমকি দিয়েছিলেন। তার একটি ছবিতে অভিনয় করার জন্য ৫০ লাখ টাকার চেক নিয়ে মাত্র দু’দিন শুটিংয়ে উপস্থিত ছিলেন সঞ্জয় দত্ত।
এদিকে সঞ্জয় দত্তের একজন মুখপাত্র জানিয়েছেন, মামলাটি অনেক বছরের পুরোনো। সেই ২০০৫ সালে করা হয়েছিল। যোগাযোগ না করার জন্যই এ গ্রেফতারি পরোয়ানা।
তাহলে কি আবার জেলে যেতে হচ্ছে তাকে? আপাতত আশার বাণী শুনিয়েছেন মুম্বাই পুলিশ। বলেছেন, মামলাটি জামিনযোগ্য। তাই এবারের মতো রক্ষা পেতে পারেন সঞ্জয়।
আইনি জটিলতা এবং কারাভোগ সত্বেও গত দুই দশকে বলিউডে পোক্ত অবস্থানটা যে সঞ্জয়ের একদমই নড়ছে না, সেটা কিন্তু নিশ্চিত।
দীর্ঘদিন কারাভোগের পর সম্প্রতি মুক্তি পান সঞ্জয়। ইন্ডিয়ান এক্সপ্রেস







