বিশ্বসেরাদের মধ্যে একজন বাংলাদেশের সাকিব আল হাসান। তবে বিশ্ব সেরা হলেও মাঠে মাঝে মাঝে বিগড়ে যান তিনি। মেজাজ হারালে কখন যে কী করে বসেন তা নিজেও হয়তো বুঝেন না।
গেল বছর বিপিএলেও আম্পায়ারের সঙ্গে কথা কাটাকাটিতে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন, এরআগে ড্রেসিং রুমে অশালীন আচরণ করে নিষিদ্ধ হয়েছিলেন।আবার কখনো গ্যালারিতে গিয়ে দর্শকের সঙ্গে মারামারি করেছেন।
এশিয়া কাপে বুধবার বাংলাদেশ পাকিস্তান ম্যাচের অন্তিম মুর্হুতে সাকিব যা করলেন, সেটাও একপ্রকার ক্ষমার অযোগ্য অপরাধ।
ইনিংসের ১৮তম ওভারের দ্বিতীয় বলের খেলা চলছিল তখন। টাইগারদের জয়ের জন্য দরকার তখন ২৬ রান।মোহাম্মদ আমির আসলেন বল করতে। পুরো ইয়র্কার লেন্থের বল সাকিব চেয়েছিলেন স্কুপ করতে। কিন্তু বল বুঝতেই পারলেন না তিনি। বল সোজা গিয়ে হিট করলো স্ট্যাম্পে। বোল্ড হয়ে গেলেন সাকিব।
বোল্ড হওয়ার পরই সমস্ত রাগ, ক্ষোভ তিনি যেন ঝেড়ে ফেলতে চাইলেন স্ট্যাম্পের ওপর। নিজের ওপর রাগে ক্ষোভে ব্যাট দিয়ে রাগ-ক্ষোভে পেটাতে চাইলেন স্ট্যাম্পে। তবে সঙ্গে সঙ্গেই সম্ভবত ভুল বুঝতে পারলেন সাকিব। সঙ্গে সঙ্গেই আম্পায়ারের দিকে ক্ষমা চাওয়ার ভঙিতে হাত তুললেন তিনি।
দর্শকরাও স্তব্ধ হয়ে গেছে সাকিবের এই আচরণ দেখে।
ম্যাচ রেফারি জেফ ক্রো এই আচরণের জন্য সাকিবকে কোনো শাস্তি দেন কি-না সেটাই এখন দেখার বিষয়।







