কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে বিজয়ী ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নূরুল হুদা।
বুধবার সাংবাদিকদের তিনি বলেন, আজ ৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদের নির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র পরীক্ষা করা হয়। মনোনয়নপত্র পরীক্ষার পর রাষ্ট্রপতি পদে আবদুল হামিদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তিনি একমাত্র বৈধ প্রার্থী হওয়ায় রাষ্ট্রপতি আইন ১৯৯১ এর ধারা ৭ মোতাবেক আবদুল হামিদকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো।
সিইসি আরো জানান, আজ বিকেল সাড়ে ৬টায় ইসির প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন।
তিনি বলেন, আগামী ২৩ এপ্রিল শপথ হওয়ার কথা রয়েছে।
দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের পালামেন্টরি বোর্ডের সভায় রাষ্ট্রপতি পদে বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ এর নাম প্রস্তাব করেন ওবায়দুল কাদের। এতে সমর্থন দেন তোফায়েল আহমেদ। বিকল্প কোন প্রস্তাব না আসায় আবদুল হামিদের নাম চূড়ান্ত বলে বিবেচিত হয়।
২০১৩ সালের ২৪ শে এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মো. আবদুল হামিদ। তার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল।







